মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহা আজ (১৩ জুলাই, ২০২৬) আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জিবিপি হাসপাতালের টিকিট (রেজিস্ট্রেশন)কাউন্টার পরিদর্শন করেন। এক্ষেত্রে রোগীদের কোনও অসুবিধা হয় কি না তা, তিনি খতিয়ে দেখেন। তারপর তিনি রেডিও ডায়াগনোসিস, সার্জারি ডিপার্টমেন্ট, সার্জারি ওটি, ড্রেসিংরুম, সিটি স্ক্যান ও এমআরআই কাউন্টার, মেজর ওটি, ডেন্টাল ওপিডি, ইমারজেন্সি মেডিসিন এবং চক্ষু ওপিডি পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনে তিনি জিবিপি হাসপাতালের রোগীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং শীঘ্রই সেই সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন এবং আধিকারিকদের সমস্যা গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
এছাড়াও মুখ্যমন্ত্রী জানান যে, রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়ে কাজ করছে। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, জিবিপি হাসপাতাল রাজ্যের প্রধান হাসপাতাল। রাজ্যের মানুষের চিকিৎসা পরিষেবার হাল-হকিকৎ চাক্ষুষ ভাবে দেখার জন্য তিনি এখানে আসেন। রোগীদের ভিড় সবসময়ই এখানে থাকে। তিনি হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, কোথাও কোন সমস্যা আছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেন।পরিকাঠামো রক্ষণাবেক্ষণ, চিকিৎসকদের উপলব্ধতা, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে তিনি তথ্য নেন। পরিকাঠামোগত সমস্যা ও যেখানে মেরামতি প্রয়োজন, এইসব ব্যাপারে পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এর সঙ্গে বৈঠক করবেন এবং সমস্ত সমস্যার সমাধান করবেন বলে তিনি আশ্বাস দেন।
তিনি আজ আগরতলা মেডিক্যাল কলেজের টেলিমেডিসিন সেন্টারটিও পরিদর্শন করেন। এই পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, এজিএমসি-এর অধ্যক্ষ প্রফেসর (ডাঃ) তপন মজুমদার, এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ বিধান গোস্বামী সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক ও চিকিৎসকৃবৃন্দ।






